images

জাতীয়

শিক্ষা ক্যাডারের ৩ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের তিনজন কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গত সোমবার (৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন- বিলচলন শহীদ সামসুদ্দোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোরের গণিত বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদানের কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন। তার অব্যাহতির কার্যকারিতা ধরা হয়েছে ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।

এছাড়া নওয়াব ফয়জুননেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লার পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহি উদ্দিন চাকরি ছেড়েছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস আনসার ক্যাডারে সহকারী কমান্ড্যান্ট পদে যোগদানের কারণে অব্যাহতি পেয়েছেন। তার অব্যাহতির তারিখ ৮ জানুয়ারি ২০২৬।

অন্যদিকে চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলামও চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন।

আশরাফুল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদানের কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন। তার অব্যাহতির কার্যকারিতা ধরা হয়েছে ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।

এএইচ