images

জাতীয়

টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৬, ০২:৪৮ পিএম

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডকে ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, টেলিটক দেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের নীতিগত বৈষম্য, বিনিয়োগ সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটিকে পিছিয়ে রাখা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, দেশি-বিদেশি স্বার্থান্বেষী একটি মহল পরিকল্পিতভাবে টেলিটককে দুর্বল ও ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের টেলিযোগাযোগ খাতের জন্য হুমকি।

মানববন্ধনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন-এর সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। টেলিটকের কম মূল্যের সেবার কারণেই অন্য অপারেটরগুলো নিয়ন্ত্রণে থাকে। টেলিটক ধ্বংস হলে ডাটা ও ভয়েস কলের বাজারে সিন্ডিকেট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি টেলিটককে লাভজনক ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—

> টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি সব চক্রান্ত বন্ধ করা

> স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ

> বকেয়া সমস্যা দ্রুত সমাধান ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা

> পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানকে শক্তিশালী করা

> রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় স্বাধীন নিরীক্ষা চালু করা

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, টেলিটককে দুর্বল করার যেকোনো অপচেষ্টা দেশের ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আজিজ সরকার। এছাড়া বক্তব্য দেন মিজানুর রহমান মিজু, রাজু আহমেদ খান, সিদ্দিকুর রহমান, ছাত্রনেতা মিজান, মানবাধিকার কর্মী সাধনা মহল এবং সাংবাদিক মাসুদ হাসান বাদলসহ অনেকে।

এমআর/এএস