জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ মে ২০২৬, ০৮:১৮ পিএম
বাংলাদেশের শ্রমবান্ধব নীতিমালা এবং শ্রম আইনের আধুনিকায়নে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বিশেষ করে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন পাসের উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন তারা।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে। চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস মেগান বোল্ডিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের শ্রমখাতের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল শিশু শ্রম বন্ধ, জোরপূর্বক শ্রম প্রতিরোধ এবং নারী কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শ্রম অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের এসব পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা দিচ্ছে।
শ্রম খাতের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। নতুন বিনিয়োগের মাধ্যমে কীভাবে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- অ্যাসিস্ট্যান্ট ইউ.এস. ট্রেড রিপ্রেজেন্টেটিভ মি. ব্রেন্ডান লিঞ্চ, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট মিস জেনিফার ওইটকেন, ডিরেক্টর মি. শাহির আলানি, সিনিয়র ডিরেক্টর মিস এমিলি অ্যাশবি, ডিরেক্টর মিস হান্না রেসিগ, পলিটিক্যাল ইকোনমিক কাউন্সেলর মি. এরিক গিলান, ইকোনমিক চিফ মি. মাইকেল পেনেল, অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে মিস এরিন কোভার্ট এবং লেবার অ্যাটাশে মিস লিনা খান।
বাংলাদেশের পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব (আন্তর্জাতিক সংস্থা) মো. হুমায়ুন কবির, যুগ্ম সচিব মো. আব্দুস সামাদ আল আজাদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) ফারহান লাবিব জিশান।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিইউ/ক.ম