নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৬, ০৮:১৩ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তার কোনো প্রভাব বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। সে কারণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করে।
ভারতের সঙ্গে চলমান বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও কথা বলেন তিনি। গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চুক্তিটি নবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিষয়টি নিয়ে কাজ করছে এবং আলোচনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী?
তিনি আরও জানান, পানি বণ্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ আশাবাদী মনোভাব নিয়ে এগোচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হবে বলে সরকার মনে করে।
ভারতের ভিসা ইস্যু প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমানে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি উচ্চপর্যায়ের সফরে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই টুরিস্টসহ সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এতে দুই দেশের মানুষের যাতায়াত আবারও আগের মতো সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হবে।
এআর