images

জাতীয়

৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ-মিজান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ মে ২০২৬, ০৬:১৯ পিএম

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম মিজানুর রহমান। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপির আরেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। 

সোমবার (৪ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন— ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রোকনুজ্জামান সরকার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।  

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল।  

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন— ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম। পাশাপাশি সহ-সাংগঠনিক সম্পাদক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ ও গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের। 

অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান। 

রোববার (৩ মে) পুলিশ অফিসার্স মেস ঢাকায় এই কমিটি গঠন করা হয়। 

৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অফিসার্স মেস, ঢাকা এর ভিআইপি মিটিং রুমে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পূর্বতন কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে উপযুক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, আমাদের লক্ষ্য হলো একটি ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সহিত সাধ্যানুযায়ী ভূমিকা পালন। আমরা মনে করি, এই কমিটি দেশপ্রেমের স্পিরিট’কে অন্তরে ধারণ করে দেশের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে ও ন্যায়ানুগ সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান জানান, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর। জনকল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যের সার্বিক কল্যাণেও কাজ করবে এই কমিটি।

এছাড়াও অত্র কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে বর্তমান কমিটির সচেষ্ট ভূমিকা থাকবে মর্মে অভিমত ব্যক্ত করেন।

পরবর্তীতে উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সাথে আলোচনাপূর্বক নব-নির্বাচিত কমিটি অভিযাত্রা ঘোষণা করা হয়।

সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম জানান, আমার দক্ষতা ও যোগ্যতা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ ন্যায় বিচার প্রতিষ্ঠা ও পুলিশ সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্বনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখতে চাই।

এমআইকে/এমআই