images

জাতীয়

পর্যটকদের নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৪ মে ২০২৬, ১২:৪৮ পিএম

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে এই অধিবেশন হয়।

মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সম্মেলনে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের পর্যটন শিল্প। দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলো সংস্কার এবং নতুন পর্যটকদের আকর্ষণ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে মনপুরা ও নেত্রকোনার মতো জায়গাগুলোতে পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এভাবে চার-পাঁচটি জেলার কথা এসেছে। পর্যটন সুন্দর করে গড়ে তোলা গেলে অনেক দর্শনার্থী আসবে। দেশকেও মানুষ জানবে ও চিনবে।’

তিনি বলেন, ‘মাঠ পর্যায় থেকে প্রস্তাবগুলো এলে মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়নে সব রকম সহযোগিতা করবে।’

পর্যটকদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগত দর্শনার্থীরা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগেন। পাশাপাশি কক্সবাজারকে আরও ভালো রাখতে ও সমুদ্রসৈকত আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

সেন্টমার্টিন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেন্টমার্টিনে বছরের কিছু সময় বন্ধ রাখার বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়নি, তবে সেটি নিয়ে তারা চিন্তা করছেন। কারণ পর্যটন মন্ত্রণালয়ের কাজই হলো বিমান ও পর্যটন নিয়ে ভাবা।’

বিগত সময়ে পর্যটনের কোনো কাজই হয়নি দাবি করে পর্যটনমন্ত্রী বলেন, ‘সবচেয়ে রুগ্ন অবস্থায় আছে পর্যটন খাত। আমরা এটাকে ভালো অবস্থানে নিতে চাই। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান চান পর্যটনকে একটি শিল্পে পরিণত করতে। আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি। বেসরকারিভাবে কেউ আগ্রহী হলে তিনি পর্যটনে সহযোগিতা করতে পারেন।’

যে জেলাগুলোতে বিমানবন্দর আছে, সে জেলাগুলোর ডিসিরা কী জানিয়েছেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৈয়দপুর নিয়ে তারা কথা বলছেন যে আরেকটু উন্নয়ন করা দরকার। আমরা ইতোমধ্যে সৈয়দপুরের কাজ শুরু করেছি। ঠাকুরগাঁও ও বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ মে বগুড়া যাচ্ছি সেটি দেখার জন্য। বগুড়ায় বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার পরিকল্পনা আছে, যাতে গরিব মেধাবী শিক্ষার্থীরা পাইলট হওয়ার প্রশিক্ষণ নিতে পারে।

এমআই