জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ মে ২০২৬, ০৯:৫২ পিএম
দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (০৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবের মাধ্যমে পরিবহন খাতে আধুনিক ও দূষণমুক্ত যানবাহন যুক্ত করার উদ্যোগ নেওয়া হলো।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এইচ.এস কোড-৮৭০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক বাস আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), সম্পূরক শুল্ক (এসডি), আগাম কর (এটি) ও অগ্রিম আয়কর (এআইটি) থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে এক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ বহাল থাকবে, অর্থাৎ আমদানিকারকদের জন্য মোট করভার হবে মাত্র ১৫ শতাংশ। এই সুবিধাটি সাধারণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত বাসের ক্ষেত্রে কার্যকর হবে না।
পাশাপাশি, ৫ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন নতুন বৈদ্যুতিক ট্রাকের ক্ষেত্রেও অনুরূপ প্রজ্ঞাপন জারি করে একই ধরনের শুল্ক-কর ছাড়ের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
সরকারের এই বিশেষ সুবিধা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে। শিগগিরই এই বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিইউ/এএস