images

জাতীয়

বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনের

নিজস্ব প্রতিবেদক

০৩ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স জিয়াদ এইচ এম হামাদ।

শনিবার (৩ মে) ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারের অ্যাঙ্কর হলে ‘ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন’ আয়োজিত এক সংহতি কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন জিয়াদ এইচ এম হামাদ এবং বৈশ্বিক সংহতির ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপও করেন।

অনুষ্ঠানে কূটনীতিক, নীতিনির্ধারক, নাগরিক সমাজের প্রতিনিধি, ঢাকা ও দেশের অন্যান্য স্থানে অধ্যয়নরত উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। তিনি ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের নীতিগত অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ও নীতিনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন-এর চেয়ারম্যান মীর লুৎফুল কবীর সা’দী। তিনি বলেন, সংহতি একটি নৈতিক দায়িত্ব এবং সম্মিলিত নাগরিক উদ্যোগ নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে বাস্তব পরিবর্তন আনতে পারে।

অন্যদের মধ্যে দেশের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. কবির চৌধুরী এবং মস্তুল ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী রিয়াজুর রহমান বক্তব্য দেন। তারা সংকটের মানবিক দিক তুলে ধরে সমন্বিত ত্রাণ ও অ্যাডভোকেসি কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

বক্তারা ফিলিস্তিনের চলমান মানবিক পরিস্থিতি, দখলদারিত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা মানবিক সহায়তা বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা জোরদার এবং ফিলিস্তিন ইস্যুতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানটি নাগরিক ঐক্য ও মানবিক উদ্বেগের এক শক্তিশালী প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। ফিলিস্তিনের পক্ষে সংহতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক দায়িত্ববোধের এক জোরালো বার্তা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এএইচ