images

জাতীয়

হাজীর ছদ্মবেশে হজ ক্যাম্পে চুরি, দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

‎রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজীর ছদ্মবেশে এক হজযাত্রীর ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে চুরি হওয়া রিয়াল উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

‎শুক্রবার (১ মে) ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎গ্রেফতাররা হলেন— মো. হাবিবুর রহমান ও নাদিম সরকার।

‎সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বুধবার (২২ এপ্রিল) বিমানবন্দর থানার আশকোনা হজক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। 

‎পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করে। একই দিন দিবাগত রাত ৪টায় টঙ্গী স্টেশন রোড এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মো. নাদিম সরকারকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার নাদিমের তথ্য অনুযায়ী একটি বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সচেঞ্জের মাধ্যমে এক্সচেঞ্জ করা ৯০ হাজার টাকায় উদ্ধার করা হয়। 

‎এ চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা ও গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‎একেএস/ক.ম