images

জাতীয়

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রমিকের খাতায় নাম লেখাতে চান প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ মে ২০২৬, ০৭:১১ পিএম

দেশের জন্য বিভিন্ন খাতের শ্রমিকদের অবদানের কথা বলতে গিয়ে মন্ত্রিসভার সদস্যসহ নিজেও শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শ্রমিকদের নানা বঞ্চনা ও কষ্টের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আপনারা বিভিন্ন খাতে কাজ করেন, যেমন ইমারত শ্রমিক হিসেবে ভবন বানাচ্ছেন, পোশাক শিল্পে পরিশ্রম করে পোশাক তৈরি করছেন— আমিও আপনাদের খাতায় নাম লিখিয়ে দেশ গড়ার কাজ করতে চাই। একইসঙ্গে মন্ত্রিপরিষদের সব সদস্যের নাম শ্রমিক হিসেবে তালিকাবদ্ধ করতে চাই। যেন সবাই একসঙ্গে দেশ গড়ার কাজ করতে পারি।

তিনি বলেন, আজকে মহান মে দিবসে আসুন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি, যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের রয়েছে তা পূরণ করতে একজন শ্রমিক হিসেবে নিজেকে প্রস্তুত করব। দেশ গড়ার শ্রমিক হিসেবে বাকি দিনগুলো কাজ করতে চাই।

তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

বিইউ/এআরএম