জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ মে ২০২৬, ০৭:০৭ পিএম
নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করে দেশবিরোধী সকল অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, তখনই কিছু মহলের তা পছন্দ হয় না। অতীতেও তারা ষড়যন্ত্র করেছিল এবং ১২ তারিখের নির্বাচনের পরও যখন তারা দেখল বাংলাদেশ জনগণের সিদ্ধান্ত মোতাবেক চলছে, তখন তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত এবং বন্ধুহীন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা চায় না বাংলাদেশের মানুষ পরিশ্রম করে ভাগ্য পরিবর্তন করুক কিংবা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাক। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে এবং এই সরকার ও সংসদ জনগণের দ্বারা গঠিত।
তারেক রহমান উল্লেখ করেন, বিশ্ব দরবার এখন ষড়যন্ত্রকারীদের কথায় কর্ণপাত করছে না। বরং তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির সঙ্গে কথা বলছে কীভাবে এ দেশে বিনিয়োগ বাড়ানো যায় এবং মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করা যায়।
আরও পড়ুন: সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান
বক্তব্যে প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, যখনই দেশে গণতন্ত্র ছিল, তখনই অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং শিক্ষা ব্যবস্থায় সুন্দর পরিবেশ ফিরে এসেছে। তিনি মনে করিয়ে দেন, গণতন্ত্রের পথে অগ্রযাত্রার কারণেই বাংলাদেশ এক সময় দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্ব দরবারে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে ভূষিত হয়েছিল।
দেশের স্বার্থে এবং শ্রমিকদের ভাগ্য উন্নয়নে বিশ্ব দরবারের সুযোগগুলো গ্রহণ করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদেরকে চোখ-কান খোলা রাখতে হবে। যারা দেশকে বিতর্কিত করতে চায় বা অরাজকতা সৃষ্টি করতে চায়, শ্রমিক ভাইসহ প্রতিটি সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে তাদের সেই সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
বিইউ/এআর