Dhaka Mail Logo

জাতীয়

পর্যাপ্ত আউটলেট না রাখায় রাজধানীতে জলাবদ্ধতা: ডিএসসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

অতীতের পরিকল্পনাগুলোতে শহরের পানি দ্রুত নদীতে নিষ্কাশনের জন্য পর্যাপ্ত আউটলেট না রাখায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শুক্রবার (১ মে) রাজধানীর বাসাবোতে এক আলোচনা সভায় আবদুস সালাম এসব বলেন।

প্রশাসক বলেন, ‘জলাবদ্ধতার সমস্যা নিরসনে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বড় বিনিয়োগের প্রয়োজন। সরকার ইতোমধ্যে নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় দুইটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।’ 
 
আবদুস সালাম বলেন, ‘বর্তমান সরকার ও ডিএসসিসি জলাবদ্ধতা দূরীকরণে বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবে ডিএসসিসি নিয়মিত ড্রেন, বক্স কালভার্ট পরিষ্কার এবং খালের প্রবাহ সচল রাখার কাজ চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগগুলোর সুফল পেতে নাগরিকদের সচেতনতা জরুরি। খাল, নদী ও ড্রেনে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য না ফেলার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।’

বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ‘বেশাখ ডে-২০২৬’ উপলক্ষে বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভিকেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এএম/ক.ম