images

জাতীয়

‘জলাবদ্ধতা নিরসনে বিনিয়োগ ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন জরুরি’

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২৬, ০২:৫৮ পিএম

রাজধানী ঢাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, অতীতের অপরিকল্পিত নগরায়ন ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে অল্প সময়ের বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে বড় পরিসরের বিনিয়োগ ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

শুক্রবার (১ মে) রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, অতীতের নগর পরিকল্পনায় শহরের পানি দ্রুত নদীতে নিষ্কাশনের জন্য পর্যাপ্ত আউটলেট রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনভোগান্তি তৈরি হয়। এই সমস্যা নিরসনে বর্তমান সরকার ও ডিএসসিসি সমন্বিতভাবে কাজ করছে এবং ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসনে নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় দুটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত হবে এবং জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

স্বল্পমেয়াদি পদক্ষেপের কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, নিয়মিত ড্রেন, বক্স কালভার্ট পরিষ্কার এবং খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কাজ চলছে। তবে এই উদ্যোগের সুফল পেতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে খাল, নদী ও ড্রেনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য না ফেলার আহ্বান জানাই।

DSCC2

অনুষ্ঠানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক এবং সমান অধিকার নিয়ে বসবাস করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তাদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সিটি কর্পোরেশন সবসময় সহযোগিতা করবে।

এ সময় বাসাবো বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার উন্নয়নের কথাও উল্লেখ করেন প্রশাসক। তিনি জানান, ওই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

DSCC1

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি. কে. এবং সভাপতিত্ব করেন শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাশয়। এতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি এবং ভক্তরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পাশাপাশি সংঘদান, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়।

এএইচ/এফএ