images

জাতীয়

উন্নত বিশ্বের মতো মানসম্মত স্কুল পরিবেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২৬, ১২:২০ এএম

উন্নত দেশের মতো আধুনিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য এসব কথা বলেন তিনি। এসময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শিশুদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। 
তিনি বিদেশে প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ পর্যবেক্ষণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, অনেক উন্নত দেশে শিক্ষার্থীরা নিয়মিত স্কুল ড্রেস, জুতা ও ব্যাগসহ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে স্কুলে যায় এবং শিক্ষকরা যথাযথভাবে পাঠদান করেন।

তিনি বলেন, এমন একটি পরিবেশ বাংলাদেশের প্রাথমিক শিক্ষাতেও গড়ে তোলার দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, যা এখন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান কার্যক্রম শুরু করা হবে। একইসঙ্গে ধাপে ধাপে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস এবং জুতার ব্যবস্থাও করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ তৈরি করার অংশ। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

তিনি বলেন, ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই কর্মসূচি সারা দেশে বিস্তৃত করা হবে, যাতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি টেকসই ও আধুনিক পরিবর্তন আনা সম্ভব হয়।


এমএইচএইচ/আরআর