images

জাতীয়

বাসে জরুরি বহির্গমন নিশ্চিত ও রড অপসারণে বিআরটিএর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

গণপরিবহন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে এসি বাসে জরুরি বহির্গমন দরজা (ইমার্জেন্সি ডোর) নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় বসানো স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার কিংবা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়লে যাত্রীরা দ্রুত বাস থেকে বের হতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা নানা বাধার সম্মুখীন হন, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

এই বাস্তবতায় যাত্রীদের নিরাপদে দ্রুত বের হওয়ার পথ নিশ্চিত করতে একাধিক নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এর মধ্যে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে জরুরি বহির্গমন পথ চিহ্নিত করে রাখতে হবে। পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বের হতে পারেন।

অন্যদিকে, নন-এসি বাসের জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এসব রড দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়ার পথ বন্ধ করে দেয়। ফলে জানালার মাঝ বরাবর স্থাপিত এসব স্টিলের রড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএ জানায়, এসব নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত উদ্ধার সম্ভব হবে এবং প্রাণহানি কমবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এ ছাড়া মোটরযান মালিক ও চালকদের প্রতি এই নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বিআরটিএ।

এএইচ/ক.ম