images

জাতীয়

নিজ কলেজের অনুজদের সঙ্গে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সংসদ ভবনের শপথ কক্ষে এই আনন্দঘন মুহূর্ত তৈরি হয়।

এদিন সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন কলেজটির ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করলে তাদের সামনে ভবনের অনন্য স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র ও উপস্থাপনা পরিবেশন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিচারণ করে বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ছোট ভাই আরাফাত রহমান কোকোও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিল। তোমাদের দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সফলতা কামনা করে তাদের দেশপ্রেম নিয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মের শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন সম্পর্কে সরাসরি ধারণা দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের জন্য সংসদে ৫০টি স্থায়ী আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দের জন্য স্পিকারকে পত্র প্রদান করেন শিক্ষামন্ত্রী। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছে।

বিইউ/এআর