images

জাতীয়

‘জিরো পয়েন্ট থেকে ইন্টারকন্টিনেন্টাল 'মডেল রাস্তায়' রূপ দেওয়া হচ্ছে’ ‎

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।

‎ডিএসসিসি বলছে, প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে সড়কটিকে একটি 'আইডিয়াল ও মডেল রাস্তা' হিসেবে গড়ে তোলা হচ্ছে।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই কার্যক্রম উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

‎প্রশাসক বলেন, প্রকল্পের প্রথম ধাপে এই সড়কে বিভিন্ন আকৃতির ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে। এসব টবে বাগান বিলাস, রঙ্গন, অলোকানন্দা, পোর্টুলিকা ও কামিনীসহ বিভিন্ন প্রজাতির রঙিন ফুলগাছ লাগানো হবে।

road

এক মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পরবর্তী ধাপে ধানমন্ডি আবাসিক এলাকা ও লেক কেন্দ্রিক নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে এই  সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

‎নিজ বাড়ির আঙিনার মতো পুরো ঢাকা শহরকেও পরিচ্ছন্ন ও সবুজে সুশোভিত করে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে ঢাকাকে 'ক্লিন সিটি, গ্রিন সিটি'তে রূপান্তর করতে।

road

ফুটপাত দখল ও গাছ নষ্ট হওয়ার বিষয়ে আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশন বা পুলিশের পক্ষে সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব নয়।

‎তিনি বলেন, আমরা একদিকে গাছ লাগাব আর অন্য কেউ তা ছিঁড়ে ফেলবে- এমনটি হলে সুফল আসবে না। নগরবাসীকে শপথ নিতে হবে যে, ডাস্টবিন ছাড়া কোথাও আবর্জনা ফেলব না এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল থাকব।

‎তিনি প্রত্যেক নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান।

এএম/এআর