নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ এএম
রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের হাতে গ্রেফতার হলেন ভয়ানক সন্ত্রাসী বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’ (৩৬)। হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ২৮টি মামলার আসামি তিনি।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ‘বোমা বিদ্যুৎ’কে গ্রেফতার করে র্যাব।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী।
তিনি জানান, গ্রেফতার বিদ্যুৎ মাতবর ওরফে বোমা বিদ্যুৎ শরীয়তপুরের জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে।
মেহেদী ইমরান সিদ্দিকী আরও জানান, বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ বিদ্যুতের বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
মামলার বিবরণে জানা যায়, বিদ্যুৎ মাতবরের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা এবং শরীয়তপুরের জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
র্যাব জানায়, একাধিকবার আদালত বিদ্যুতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
পরে র্যাব-৩ এর সিপিসি-৩ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদ্যুতের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ