জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম
জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিশনের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান; অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রিত হিসেবে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি অংশ নেন।
বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা ধরা হয়েছে।
অন্যদিকে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।
বৈঠকের শুরুতে আগের ৩৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংসদ সচিবালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিএই/এআর