নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মূলত এ হত্যাকাণ্ড এলাকায় আধিপত্য ও গরুর হাঁট ইজারা নিয়ে দ্বন্দ্বের কারণে ঘটেছে। এছাড়াও রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আরসা গ্রুপের’ চার সদস্যকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ডিএমপির সদর দফতরে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব বলেন।
শফিকুল ইসলাম বলেন, টিটন নিজেও একজন শীর্ষ সন্ত্রাসী ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে। আমরা এই ঘটনায় কারা জড়িত সেই বিষয়ে তদন্ত করছি। খোঁজ খবর নিচ্ছি, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিবির এই কর্মকর্তা বলেন, টিটন হত্যার ঘটনায় মামলা হয়েছে। বাদী যাদের নাম উল্লেখ করেছে আমরা কাজ করছি। আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল। সামনে কোরবানি, গরুর হাঁট নিয়েও দ্বন্দ্ব ছিল। এই হত্যাকাণ্ডে করা জড়িত সেটি উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও হাঁটকে কেন্দ্র করে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। হাঁটকে কেন্দ্র করে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো হবে।
বিদেশে বসে হত্যার নির্দেশনা দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, অতীতে এমন কর্মকাণ্ড অনেকেই করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় বিদেশে অবস্থানরত কারো সংশ্লিষ্টতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যাদের এমন অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণে দোষী সাব্যস্ত হবে ইন্টারপোলে চিঠি দেওয়া হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।
এদিকে জঙ্গি সংগঠন ‘আরসা গ্রুপের’ চার সদস্য গ্রেফতারের বিষয়ে শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এলে জিজ্ঞাসাবাদ করে তাদের উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে। আমরা জেনেছি, তারা সন্ত্রাসী সংগঠন, তারা এতো দিন বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে যারা জড়াবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, কাউকে গ্রেফতার করে জঙ্গি বানিয়ে নাটক সাজানো হচ্ছে বিষয়টি এমন নয়। কাউকে ধরে নাটক সাজানোর কাজ পুলিশের না। পুলিশের কাজ হলো যে অপরাধী তাকে আইনের আওতায় আনা। এই ব্যাপারে আমরা সজাগ রয়েছি।
একেএস/ক.ম