জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের ‘নারী প্রধানদের’ আর্থিক সহায়তায় ফ্যামিলি কার্ডের আওতায় ৩৭ হাজার ৮১৪ পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এ কর্মসূচি চালু করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ১৩টি জেলা ও তিনটি সিটি কর্পোরেশনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় নির্বাচিত পরিবারগুলোর নারী প্রধানদের নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।
তারেক রহমান বলেন, নারীর অর্থনৈতিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মানসম্মত প্রশিক্ষণ প্রদান, নগদ সহায়তার পাশাপাশি জীবিকাভিত্তিক সহায়তা যুক্ত করা এবং শহর ও গ্রামাঞ্চলের জন্য আলাদা গ্রাজুয়েশনভিত্তিক মডেল সম্প্রসারণ। একই সঙ্গে নারী উদ্যোক্তা তৈরি এবং তাদের জন্য বিপণন নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন ও নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি সেবা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় টোল ফ্রি হেল্পলাইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, ওয়ানস্টপ ক্রাইসিস সেল, জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং জাতীয় ট্রমা কাউন্সেলিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া নারী ও কিশোরীদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থাও রয়েছে।
তিনি বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ কর্মসূচিতে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি, উপকারভোগীর সংখ্যা বাড়ানো এবং প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি টিকাদান ও প্রাতিষ্ঠানিক ডেলিভারিকেও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
টিএই/এএস