images

জাতীয়

সর্বোচ্চ দরদাতাকেই পশুর হাটের ইজারা দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে পশুর হাটের ইজারা প্রক্রিয়া স্বচ্ছ ও প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকেই হাটের ইজারা দেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গাবতলী এলাকায় নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

মো. শফিকুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষের সুবিধা এবং ঈদযাত্রায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেসব বিষয় বিবেচনায় নিয়েই রাজধানীতে পশুর হাটের স্থান নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যে নিয়ম মেনে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, পশুর হাট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এড়াতে এবং নগরবাসীর ভোগান্তি কমাতে সিটি করপোরেশন আগাম প্রস্তুতি নিয়েছে। হাটগুলোর অবস্থান নির্ধারণ, প্রবেশ ও বের হওয়ার রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে।

গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ১৫ তলাবিশিষ্ট চারটি ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ফ্লোরে থাকবে ১৬টি ইউনিট। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬০ বর্গফুট। ভবনগুলোতে অগ্নিনিরাপত্তার সব ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ভবনে থাকবে ছয়টি করে লিফট।

তিনি আরও বলেন, আবাসন প্রকল্পে বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে স্কুল, মসজিদ, সবুজায়ন ও উন্নত সড়কব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ভবনগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতেই এসব ফ্ল্যাট পরিচ্ছন্নতা কর্মীদের কাছে হস্তান্তর করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় গাবতলী বাস টার্মিনাল এলাকায় যানজট নিরসনে নির্মাণাধীন বাইপাস সড়কের কাজও পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, যানজট কমাতে আন্তজেলা বাসগুলোকে শহরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। শহরের মধ্যে যেসব টিকিট কাউন্টারের বৈধতা নেই, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গাবতলী এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে বাইপাস সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি চালু হলে বাস টার্মিনালকেন্দ্রিক চাপ কমবে এবং নগরবাসীর যাতায়াত সহজ হবে।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এআর