images

জাতীয়

থানার কার্যক্রম নজরদারিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর টেবিল উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 

সংসদ সদস্য তার প্রশ্নে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, সাধারণ মানুষ থানায় মামলা বা জিডি করিতে গিয়ে যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য ডিজিটাল মনিটরিং সিস্টেমের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, থাকলে তা কী কী?’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ থানায় মামলা বা জিডি করতে গিয়ে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তা ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। 

পরিকল্পনাগুলো হলো-

১. থানাগুলোতে অনলাইন পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি করে ফৌজদারি বিচার প্রত্যাশীদের আইনের নিরাপত্তা পাওয়ার পথ সুগম করা।

২. দেশের সকল থানার ডিউটি অফিসারের কক্ষ ও থানা প্রাঙ্গনকে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে থানার কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হবে।

৩. বর্তমানে দেশের সকল থানায় অনলাইনে সকল ধরনের সাধারণ ডায়েরির আবেদন গ্রহণ করে আইনগত সেবা দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ থানায় না গিয়েও হয়রানিমুক্ত পরিবেশে অনলাইনে সহজে সাধারণ ডায়েরি করতে পারছেন।

৪. সাধারণ ডায়েরির অনলাইন সফটওয়্যারে ধর্তব্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে এসএমএস পাঠিয়ে বিস্তারিত তথ্যসহ থানায় আসার জন্য অনুরোধ করা হয়। যার ভিত্তিতে পরবর্তীতে অভিযোগকারী নিয়মিত মামলা করতে পারেন।

৫. বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জনসাধারণ কর্তৃক তাৎক্ষণিক অভিযোগ দায়ের পথ আরও সুগম করা হবে।

এমএইচএইচ/এএইচ