images

জাতীয়

হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান হুইপ দুলুর

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আহ্বান জানিয়েছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাত ও হানাহানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। 

হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের গণতন্ত্র ফিরে এসেছে। তিনি শহীদ, গুম হওয়া নেতা-কর্মী এবং আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে ভিন্নমতকে সম্মান করা হবে এবং সহিংসতা নয়, যুক্তিই হবে রাজনীতির ভিত্তি।

হুইপ বলেন, স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে নানা উত্থান-পতন ঘটেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার আন্দোলন করতে হয়েছে। তবে এখন সময় এসেছে সেই সংঘাতময় রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে স্থিতিশীলতা নিশ্চিত করার।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতা ও সংলাপের পরিবেশ বজায় থাকে, তাহলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা সহজ হবে।

দুলু সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের সুরক্ষা, ন্যায্য বেতন কাঠামো এবং ওয়েজ বোর্ড বাস্তবায়ন জরুরি।

তিনি অভিযোগ করেন, অতীতে কিছু গণমাধ্যম কর্মী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে জড়িত ছিলেন এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।

দুলু আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতাই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে।

এমএইচএইচ/এএইচ