images

জাতীয়

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। নিহতদের সবাই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মারা গেছেন।

সর্বশেষ সোমবার জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা যান। একই দিন মক্কায় মারা যান শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন।

এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান।

অন্যদিকে এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন হজযাত্রী রয়েছেন।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এবারের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

এআর