জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার হচ্ছে। বিশেষ করে বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং নতুন খাতে বিনিয়োগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।
সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তার অফিস কক্ষে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর Jean Pesme সাক্ষাৎকালে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে আধুনিক এআই প্রযুক্তির প্রয়োগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সরকারের অগ্রাধিকার ভিত্তিতে গ্রিন জব (Green Jobs) সৃষ্টি এবং দূষণ নিয়ন্ত্রণে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সফলভাবে এগিয়ে যাচ্ছে। এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে এবং ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয় সর্বোচ্চ সচেষ্ট থাকবে।
বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জানান, পরিবেশ সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের গ্রিন ইকোনমি ও সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বিইউ/এআর