নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি সরকারকে বিশেষ কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’ চালু করে প্রবাসীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’

বৈঠকে মন্ত্রী সৌদি দূতাবাসে রিক্রুটিং এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়া সহজতর করা এবং অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দেন। দক্ষ জনশক্তি নিয়োগ নিশ্চিত করতে বর্তমানে ৭৩টি পেশায় চালু থাকা ‘দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম’ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে (টিটিসি) সৌদি আরবের মানদণ্ডে আধুনিকায়নের বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী আরও জানান, যাচাইকৃত ও দক্ষ কর্মীদের একটি ডিজিটাল ডাটাবেজ বা ‘কোয়ালিফাইড ট্যালেন্ট ব্যাংক’ তৈরি করা প্রয়োজন। এতে নিয়োগ প্রক্রিয়া কয়েক সপ্তাহ থেকে মাত্র কয়েক দিনে নামিয়ে আনা সম্ভব হবে। জনশক্তি নিয়োগে অবৈধ লেনদেন ও কর্মী হয়রানির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তিনি স্পষ্ট করেন।
মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ আকামাহ ফি কমানোর জন্য সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন। একসঙ্গে সৌদি আরবে কোনো বাংলাদেশি কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্রদূতের সহায়তা চান তিনি।
সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ২০২৫ সালের অক্টোবরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বর্তমান আলোচনার অনেক বিষয় রয়েছে। নতুন করে আরও বিষয় অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনার প্রস্তাব দেন তিনি।
আকামার ফি নিয়োগকারী কর্তৃপক্ষের বহন করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে- উল্লেখ করে তিনি এ অনুশীলন বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ ছাড়া সৌদি আরবে নিবন্ধিত ৯৯০টি এজেন্সির জবাবদিহি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রদূত। কর্মীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে একটি বিশেষ অ্যাপ তৈরির প্রস্তাবও দেন তিনি।
সাক্ষাৎ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সৌদি দূতাবাসের কনস্যুলার আবদুল্লাহ আল-হারবি এবং প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাৎ শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি রাষ্ট্রদূতকে সিলেট ভ্রমণের আমন্ত্রণ জানান। তিনি সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু করতে বিমানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এমআই