জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
আগামী তিন দিনে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সরকারি দফতরটি এক পূর্বাভাস বলছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীসমূহের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।
এতে তৃতীয়দিন সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী ও এর প্রধান উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। তবে ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যদিও নদীসমূহ প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলেও উল্লেখ্য করা বন্যা পূর্বাভাসে হয়।
আরও পড়ুন: ২৭ জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
পূর্বাভাসে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী ৩ দিন ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
পাউবো আরও জানায়, অতিভারি বৃষ্টির কারণে ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীসমূহের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস ও নদী ও প্রধান উপ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
এএম/এআর