images

জাতীয়

নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে এক নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করে রুমের বাইরে দরজায় তালা লাগিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে কদমতলীর কমিশনার মোড় এলাকার ৯৮৪/১ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনসার সদস্যের নাম- শারমিন আক্তার শেলী। তিনি বরিশাল জেলার শাহ আলম হাওলাদারের সন্তান।

বাড়ির মালিক আঞ্জুমান আরা ডলি জানান, প্রায় ছয় মাস আগে মো. মামুন নামের এক ব্যক্তি স্ত্রী পরিচয়ে কাবিননামা দেখিয়ে বাসাটি ভাড়া নেন। তিনি মূলত গ্রামের বাড়িতে থাকেন এবং দুই মাস পরপর এসে ভাড়া দিয়ে যান। এ ঘটনার বিষয়ে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মুশাহিদুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কমিশনার রোডের ৯৮৪/১ নম্বর বাসার চতুর্থ তলায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় ফ্ল্যাটটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে চিত অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় পুলিশ। সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নারী আনসার সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে দরজায় তালা দিয়ে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

একেএস/এএস