নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ৩টায় পুনরায় শুরু হতে যাচ্ছে। এর আগে গতকাল রোববার (২৬ এপ্রিল) অধিবেশন চলার সময়ে ডেপুটি স্পিকার সভার কার্যক্রম আজকের এই নির্ধারিত সময় পর্যন্ত মূলতবি ঘোষণা করেছিলেন।
জানা গেছে, আজকের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করার পাশাপাশি চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে এবং স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করছেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সরকারি দলের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান বিএনপি সরকারের আমলেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে উন্নীত হবে।
তারা আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এই অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে সরকার কোনো বিতর্ক সৃষ্টি করতে চায় না। তাই বিরোধীদলকেও এ বিষয়ে নতুন কোনো বিভ্রান্তিকর বর্ণনা তৈরি না করার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত বলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্য সংসদ গঠিত হলেও দুর্ভাগ্যজনকভাবে সরকারের ভেতরে ফ্যাসিবাদী সংস্কৃতি দেখা যাচ্ছে।
ঢাকা-১৬ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য এম আবদুল বাতেন তার নির্বাচনি এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক উর্দুভাষী মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আলোচনায় অংশ নেন বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭), মোরশেদ মিল্টন (বগুড়া-৭), বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), আহাম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), তামিজ উদ্দিন (ঢাকা-২০), নূরুল ইসলাম (ভোলা-৪), মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (নারায়ণগঞ্জ-১), জামায়াতে ইসলামীর এম আবদুল আলিম (বাগেরহাট-৪), আবদুল করিম (গাইবান্ধা-২), এম তাজউদ্দিন খান (মেহেরপুর-১), এম নজমুল হুদা (মেহেরপুর-২), আবুল কাউসার এম নজরুল ইসলাম (গাইবান্ধা-৩), আমির হামজা (কুষ্টিয়া-৩), আবুল কালাম আজাদ (খুলনা-৬), মো. ইজ্জতুল্লাহ (সাতক্ষীরা-১), মুহাম্মদ আবদুল খালেক (সাতক্ষীরা-২), বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ উল্লাহ (ময়মনসিংহ-২) এবং স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমর (ময়মনসিংহ-১)।
/এএস