images

জাতীয়

নতুন চার্টে ভাড়া আদায়ে শিথিলতা গণপরিবহনের, যাত্রীদের সন্দেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

সরকারের সরবরাহ করা বর্ধিত ভাড়ার নতুন চার্ট হাতে পেয়েও রোববার (২৬ এপ্রিল) প্রথম দিন আগের মতোই ভাড়া আদায় করছে রাজধানী ও আশপাশের এলাকার গণপরিবহনগুলো।

‎সংশ্লিষ্টরা বলছেন, তারা নতুন যে চার্ট পেয়েছেন, সেটিতে প্রায় পুরোনো ভাড়াই বহাল আছে। এ কারণে আপাতত আগের ভাড়াই নিচ্ছেন তারা।

‎প্রথম দিন বাড়তি ভাড়ার অভিযোগ করেননি যাত্রীরাও। তবে সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে নেওয়ার আশঙ্কা করছেন তারা।

‎রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গণপরিবহনে নতুন চার্টে ভাড়া আদায়ে শিথিলতা দেখা গেছে। কিছু কিছু বাসে নতুন চার্ট টানানো হলেও অনেকে টানাননি।

‎যাত্রাবাড়ি-মিরপুর রুটে চলাচল করে শেকড় পরিবহন। জানতে চাইলে শেকড়ের হেলপার আব্দুস সালাম বলেন, ‘ভাড়া বাড়েনি। পুরো সিটির (ঢাকা) মধ্যে আগের ভাড়াই আছে।’

‎শেকড় দিয়ে শাহবাগে আসা শাহজালাল নামের এক যাত্রী বলেন, ‘এই বাসে যাত্রাবাড়ি থেকে শাহবাগ পর্যন্ত আগে ভাড়া ২০ টাকা ছিল। আজও একই ভাড়া দিয়েই আসছি।’

‎ফার্মগেট থেকে শাহবাগে আসা যাত্রী সামি বলেন, ‘বিকল্প পরিবহনে এসেছি ১০ টাকা নিয়েছে। আগেও ১০ টাকায় আসতাম।’

‎সায়েদাবাদ থেকে গাজীপুর পর্যন্ত চলাচল করে বলাকা নামের পরিবহন কোম্পানি। বলাকার স্টাফ মাইনুদ্দিন বলেন, ‘আমাদের ভাড়া বাড়েনি। আমরা এখনো আগের ভাড়াই নিচ্ছি।’

জহির নামে বলাকার আরেক স্টাফ বলেন, ‘আমরা নতুন চার্ট পেয়েছে, কিছু বাসে টানিয়েছি।’

‎কিন্তু পুরোনো চার্ট আর নতুন চার্টের মধ্য পার্থক্য নেই। এ কারণে আগের মতোই ভাড়া নিচ্ছেন বলে দাবি করেন জহির।

তিনি আরো বলেন, ‘ভাড়া আগেরটাই। কোথাও হয়ত কিছুটা বেশি হবে। ধরুন, মতিঝিল থেকে মহাখালী/বনানী ভাড়া ২০ টাকা নেই, কিন্তু চার্ট অনুযায়ী ২৫ টাকা। এখন সেই ভাড়া নেব। কিন্তু যাত্রীদের কাছ থেকে এই ভাড়া আদায় করাই কঠিন হবে।’

‎এদিকে বিহঙ্গ, রমজান, বিআরটিসিসহ বিভিন্ন গণপরিবহনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন চার্টে এখনো ভাড়া আদায় শুরু করেননি। তবে পর্যায়ক্রমে নতুন চার্ট অনুযায়ী ভাড়া কিছুটা বাড়িয়ে আদায় করা হবে।

বিহঙ্গ পরিবহনের আবুল হোসেন বলেন, ‘আগের চার্ট থেকে কিছুটা কমে ভাড়া নিতাম। এখন নতুন চার্টে ভাড়া আদায় শুরু হলে ভাড়া কিছুটা বাড়বে। আমরা কাল-পরশু নতুন চার্ট অনুযায়ী ভাড়া কাটবো।’

‎তবে ভাড়া বাড়ানো নিয়ে অনেক যাত্রীই সন্দেহ প্রকাশ করছেন। এদিন সকালে শান্তিনগর মোড়ে কথা হলে উত্তরা থেকে আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ফাহাদ হোসেন বলেন, ‘ভাড়া তো আগের মতোই আছে। কিন্তু কতক্ষণ থাকবে, সেটাই বিষয়। সুযোগ বুঝে দেখবেন ভাড়া বাড়িয়ে নেবে।’

শিক্ষার্থী খায়রুল আকন্দ বলেন, ‘বাসের ভাড়া আগে থেকেই বেশি। আর বাসগুলো যে পরিমাণ যাত্রী উঠায় তাতে কয়েকগুণ ভাড়া এমনিতেই উঠাতে পারে।’

তিনি ব্যাখ্য করে বলেন, ‘ধরুন, ৮ নম্বর বাস যাত্রাবাড়ি থেকে যতক্ষণ যাত্রী দ্বিগুণ না হবে ততক্ষণ সে ওখানেই থাকে। পল্টন পর্যন্ত ১০ টাকা ভাড়া নেয় ঠিকই। কিন্তু এরমধ্যে অন্তত তিনগুণ/চারগুণ যাত্রী উঠায়। জ্যামে আটকে থাকে, মোড়ে আটকে রাখে। অনেক যাত্রী গন্তব্যের আগেই নেমে যায়। সে সুযোগ কাজে লাগিয়ে আবার যাত্রী উঠায়। যাত্রীদের ভোগান্তি দিয়ে এমনি যে পরিমাণ টাকা উঠায় তাতে বাড়তি ভাড়ার দরকার হয় না।’

ঢাকার আশপাশের গণপরিবহনেও আগের ভাড়া

‎এদিকে ঢাকার আশপাশ তথা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকায় আগের মতোই ভাড়া নিতে দেখা গেছে।

‎রাজধানীর গুলিস্তান থেকে গাউছিয়া (নারায়ণগঞ্জ) রুট গ্লোরি, গাউছিয়া, ডিটিএলসহ বেশ কিছু কোম্পানির বাস চলাচল করে। এসব বাসে আগের টিকিটই দিতে দেখা গেছে।

‎জানতে চাইলে ডিটিএলের গুলিস্তান কাউন্টারের সুপারভাইজার অপু বলেন, ‘আমরা আগের টিকিটই দিচ্ছি। আগে গাউছিয়া পর্যন্ত ৫০ টাকার টিকিট ছিল। এখনও ৫০ টাকার টিকিটই আছে।’

‎ডিটিএলের সংশ্লিষ্ট আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘নতুন ভাড়ার চার্টে ভাড়ার তেমন একটা পার্থক্য নেই। তাছাড়া এখনো ২৬ হাজারের মতো পুরোনো টিকিট অবিক্রিত। এগুলো শেষ হলে নতুন টিকিট আসবে। আপাতত আগের ভাড়াই থাকবে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলেছেন, যেকোনো সময় কিছু ভাড়া বাড়বে। টিকিট ছাড়ানোর মতো কিছু কাজ সেরেই নতুন ভাড়ায় যাবেন তারা।

‎মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গত ১৮ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভাড়া বাড়ার ঘোষণা আসে।

‎ঘোষণা অনুযায়ী, নতুন ভাড়া অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়।
‎আর ঢাকার আশপাশের ডিটিসিএ এলাকার ক্ষেত্রে ১১ পয়সা বাড়িয়ে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৩ পয়সা করা হয়।

‎এ ছাড়া সকল আন্তঃজেলা তথা দূরপাল্লার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

‎ঘোষণার দিন থেকেই নতুন ভাড়া কার্যকর হলেও সরকারি চার্ট না পাওয়ায় পরিবহনগুলো ভাড়া বাড়াতে পারেনি। তবে গত শুক্রবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কাছে বর্ধিত ভাড়ার চার্ট সরবরাহ হয়।

পরে শনিবার পরিবহন কোম্পানিগুলোর কাছে নতুন চার্ট বিতরণ করেছে মালিক সমিতি। এই চার্ট আজ থেকে কার্যকর হয়েছে।

‎এএম/এফএ