images

জাতীয়

রেলপথ নিরাপত্তায় সমান্তরাল পরিকল্পনা, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

রেলপথের নিরাপত্তা জোরদারে সমান্তরাল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি চলমান সংস্কার উদ্যোগ বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে এবং যাত্রীসেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
 
রোববার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের করা লিখিত প্রশ্নে এসব তথ্য জানায় সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
 
মন্ত্রী জানান, প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে ইতোমত্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই ঠিকাদার নিয়োগ করে সংস্কার কাজ শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
 
শেখ রবিউল আলম জানান, পশ্চিমাঞ্চলের রেলপথের নিরাপত্তা নিশ্চিতেও সমান্তরাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একইসঙ্গে যাত্রীসেবার মানোন্নয়নসহ ট্রেন ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ হবে।
 
এমএইচএইচ/ক.ম