images

জাতীয়

ঢাবির হলের পাশে যুবকের মরদেহ, পুলিশ বলছে ভবঘুরে

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশে ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, নিহত যুবক ভবঘুরে প্রকৃতির এবং নেশাগ্রস্ত ছিলেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহত যুবকের নাম আলমগীর। বয়স ২৭ বছর। তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে আর কিছু জানা যায়নি।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে শহীদুল্লাহ হলের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, ওই যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশে লোকের মুখে জানতে পেরেছি তিনি ভবঘুরে প্রকৃতির ও নেশাগ্রস্ত ছিলেন। আমাদের ধারণা অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এসআই নাজমুল আরও জানান, ‘আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার বিস্তারিত পরিচয় শনাক্ত করা যাবে।’

একেএস/এএইচ