images

জাতীয়

স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চান মিতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম

শেরপুর সদর উপজেলার মেয়ে মারজিয়া মান্নান মিতি তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে তার বাবার দায়ের করা মামলার প্রত্যাহার চান। সেই সঙ্গে তাদের হয়রানির অভিযোগে তার বাবা ও মামাসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মিতি দাবি করেন, তার স্বামী হযরত আলীর সঙ্গে যখন বিয়ে হয় তখন তার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল। যদিও তিনি তখন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেন। কিন্তু এখন তার বয়স ২০ বছর হয়েছে। তিনি বলেন, আমার জন্ম ২০০৬ সালে হলেও জন্ম নিবন্ধনের সময় বয়স কমিয়ে দেওয়া হয়েছে। ফলে আমার বাবা এই বিষয়টিকে পুঁজি করে আমার স্বামী ও শ্বশুরকে হয়রানি করছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে তা মিথ্যা। এ বিষয়ে আমি আদালতে দাঁড়িয়ে বিচারককে বলেছি। ফলে তাদের গ্রেফতারের পর আদালত জামিন দিয়েছে।

মিতি বলেন, আমার বাবা একজন ব্যাংকার। তার অর্থবিত্ত ভালো রয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকজন আর্থিকভাবে একটু অস্বচ্ছল। ফলে তিনি এই কারণে আমাদের বিয়ে মেনে নিচ্ছেন না। আমাকে চারবার আমার স্বামীর কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি চারবারই পালিয়ে আবারো আমার স্বামীর কাছে এসেছি। তারা আমার শ্বশুরকে সমাধানের জন্য ডেকে উল্টো মামলা দিয়েছে। আমি এর বিচার চাই। আমি যেখানে সংসার করতে চাই আমার বাবা কেন তা চাইছে না। আমিতো সাবালিকা। আমি সংসার করতে চাইলে তাদের সমস্যা কোথায়। আমরা বহুবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা মীমাংসা না করে উল্টো হয়রানি করে।

এজন্য বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলা নিষ্পত্তির দাবি করছি। সেই সঙ্গে আমার বাবা ও মামাসহ যারা আমার শ্বশুর বাড়ির লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তাদের বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে মারজিয়া মান্নান মিতির স্বামী হযরত আলী, তার শ্বশুর বদিউজ্জামান, শ্বশুরের ভাই রহমান আলী ছাড়াও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। 

এমআইকে/এফএ