images

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

‎অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

‎রোববার (২৬ এপ্রিল) রাজধানীর একটি সড়ক উদ্বোধনকালে তিনি একথা বলেন।

‎ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নগরবাসীর জনস্বাস্থ্যের বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। এডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। আমি নগরবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখুন যাতে কোথাও পানি জমে না থাকে।’

‎বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটি বর্তমানে ফিনিক্স রোড নামে পরিচিত। এই সড়কের নামফলক উন্মোচনের মাধ্যমে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ নামে উদ্বোধন করা হয়।

‎উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সড়কের নামকরণ করা হয়েছে।

প্রশাসক জানান, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের অনুরোধ ও জনদাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হয়েছে।

‎অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এএম/এমআই