images

জাতীয়

ঢাকার গণপরিবহনে পৌঁছল নতুন চার্ট, রোববার থেকে বর্ধিত ভাড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম

‎জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ভাড়া সমন্বয়ে শ্রেণিভেদে বর্ধিত ভাড়া ঘোষণার তিন দিন চললেও রাজধানী ঢাকায় এখনো পুরোনো ভাড়াই আদায় হচ্ছে। কারণ নতুন চার্ট না পাওয়ায় বাড়তি ভাড়া আদায় সম্ভব হচ্ছিল না। তবে গণপরিবহনগুলোতে বর্ধিত ভাড়ার নতুন চার্ট পৌঁছে গেছে। ফলে আগামীকাল রোববার (২৬ এপ্রিল) থেকেই নতুন চার্টে ভাড়া আদায় শুরু হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সূত্র জানায়, আগেরদিন ঘোষণার পর গতকাল শুক্রবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে বর্ধিত ভাড়ার নতুন চার্ট সরবরাহ হয়।

মালিক সমিতি আজ শনিবার (২৫ এপ্রিল) ঢাকার গণপরিবহনগুলোকে নতুন চার্ট বিতরণ করে এবং রোববার (২৬ এপ্রিল) থেকেই এটি কার্যকরের নির্দেশনা দেয়।

‎মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকটে দেশে গত ১৮ এপ্রিল সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণায় ভাড়া বাড়ানোর তৎপরতা শুরু করে পরিবহন মালিকরা।

জ্বালানি দাম কার্যকরের প্রথমদিনই (১৯ এপ্রিল) পরিবহন ভাড়া বাড়ানোর  বিষয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে বসে নিয়ন্ত্রক সংস্থা।

পরে আলোচনা পর্যালোচনা শেষে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

ঘোষণা অনুযাযী, নতুন ভাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়। আর আন্তঃজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

আরও পড়ুন

রুটভিত্তিক বাস ভাড়া কত বাড়ল?

এছাড়া ঢাকার আশপাশ এলাকা তথা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ১১ পয়সা বাড়িয়ে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৩ পয়সা করা হয়।

‎নতুন পরিবহন ভাড়ার ঘোষণা দিয়ে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, নতুন এই ভাড়া ওই দিন থেকেই কার্যকর।‎

‎যদিও বাড়তি ভাড়া আদায় ও চেষ্টার কিছু ব্যতিক্রম ছাড়া সামগ্রিকভাবে ঢাকায় গণপরিবহনে আগের ভাড়াই আদায় হচ্ছে।

‎তবে শনিবার সন্ধ্যায় মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, গণপরিবহনগুলোকে নতুন চার্ট দেওয়া হয়েছে। রোববার থেকে সে অনুযায়ী ভাড়া নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, আমরা সরকারের নির্ধারিত ভাড়াই নেব। আমরা চাই আমাদের শ্রমিকরা যেন সাধারণ মানুষের কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার বাইরে একটি টাকাও বেশি না নেন।

‎এএম/জেবি