জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
রাষ্ট্রীয় ব্যস্ততা আর নীতিনির্ধারণী বৈঠকের কড়া সিডিউল পাশে ঠেলে আজ সকালে অন্যরকম চেহারায় দেখা গেল প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বিয়াম ল্যাবরেটরি ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী অনেকটা হুট করেই স্কুল পরিদর্শনে যান। স্কুলে তার আকস্মিক উপস্থিতি খুদে শিক্ষার্থীদের জন্য যেমন ছিল বিস্ময়ের, তেমনি প্রধানমন্ত্রীর জন্যও ছিল ভিন্ন অনুভূতির।
নির্ধারিত কর্মসূচি শেষে বিয়ামের স্কুলের ক্লাসরুমে ঢুকেই প্রধানমন্ত্রী মিশে যান শিশুদের সঙ্গে। কুশল বিনিময়ের ফাঁকেই শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘কেমন আছো তোমরা, কেমন চলছে পড়াশোনা? পড়াশোনার পাশাপাশি কিন্তু বেশি করে খেলাধুলাও করতে হবে। খেললে কিন্তু বুদ্ধি বাড়ে।’

প্রধানমন্ত্রীর এমন কথায় ওপাশ থেকে এক শিক্ষার্থীও সায় দিয়ে বলে ওঠে, ‘আপনি ঠিক বলেছেন!’ শিশুদের এমন প্রাণবন্ত জবাবে প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের মাথায় হাত বুলিয়ে আদর করেন।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে একপর্যায়ে খুদে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে উঠে আসেন। কেউ আবার বায়না ধরে অটোগ্রাফের জন্য। প্রধানমন্ত্রীও তাদের প্রতিটি আবদার মেটান। এমন দৃশ্য দেখে সেখানে উপস্থিত শিক্ষকদের মুখেও স্বস্তির হাসি দেখা যায়।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী যখন হাত নেড়ে বিদায় নিচ্ছিলেন, তখন পুরো ক্লাসরুমের শিক্ষার্থীরা দাঁড়িয়ে সমস্বরে হাত নেড়ে তাকে বিদায় জানায়।
বিইউ/এফএ