জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম
জনগণের সহযোগিতা পেলে প্রতিটি এসটিএসকে পর্যায়ক্রমে নান্দনিক রূপে সাজানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দনের উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যবস্থাপনার অদক্ষতার কারণে অতীতে এখানে সৃষ্ট দুর্গন্ধ ও যানজটে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হতো। আজ থেকে সেই সমস্যাগুলো পেছনে ফেলে এটি একটি নান্দনিক স্থাপনায় পরিণত হলো।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে এই মডেল অনুসরণ করে ডিএসসিসির প্রতিটি এসটিএস-কে পর্যায়ক্রমে নান্দনিক রূপে সাজানো হবে।
ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
এসটিএস উদ্বোধনের পরপরই ধানমন্ডি লেক ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের মোট ৬০০ জন কর্মী এই অভিযানে অংশ নেন।
অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো মূল্যে ধানমন্ডি লেকের পরিবেশ ও ভারসাম্য সংরক্ষণ করা হবে।
তিনি বলেন, লেকের যতটুকু জায়গা ইজারা দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের ঠিক ততটুকু সীমানার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, ইজারার শর্ত ভঙ্গ বা সীমানা লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে ইজারা বাতিল করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল বলেন, ধানমন্ডি লেককে ঘিরে লাইব্রেরি, জিমনেসিয়াম ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই এলাকার ‘ফুসফুস’ খ্যাত লেকটিকে রক্ষা করবে ডিএসসিসি।
নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসি পূর্বের তুলনায় দৃশ্যমান উন্নতি করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
শেখ রবিউল উল্লেখ করেন, বর্তমান প্রশাসকের কঠোর তৎপরতার কারণেই বর্তমানে মশা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম গতিশীল হয়েছে।
মূল অভিযানের পূর্বে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে ধানমন্ডি সোসাইটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএম/এএস