নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ এএম
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে আসমা ভূঁইয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসমার বাড়ি উত্তরার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মমিন ভুঁইয়া।
জানা গেছে, সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার জন্য স্বামীর সঙ্গে কমলাপুর রেলস্টেশন যান আসমা। সবাই লাইন ধরে ট্রেনে উঠছিলেন। এমন সময় ট্রেন ছেড়ে দেয়। তখন দ্রুত ট্রেনে উঠতে গিয়ে পা পেছলে পড়ে গুরুতর আহত হন আসমা। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
এমআর