নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম
বর্তমান সরকার দেশের নিম্নবিত্ত বা নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাকারিয়া তাহের জানান, রাজউক কর্তৃক প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ ২০২২-৩৫) তে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার জন্য কড়াইল বস্তিসহ ৫৮টি সাইট চিহ্নিত করা হয়েছে। ওই ৫৮ টি চিহ্নিত এলাকায় সরকারি/বেসরকারি উদ্যোগে ১ (এক) লক্ষ ফ্ল্যাট নিম্ন আয়ের মানুষের জন্য সংস্থান করা হবে।
গাজীপুর জেলার টঙ্গীস্থ দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ (আটানব্বই) একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন/পৌরসভা এলাকায় কম/বেশি ৩৭টি বস্তিতে বসবাসকারীদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক স্বল্প আয়ের মানুষের উন্নত জীবন ব্যবস্থা উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ‘পদ্মা আবাসিক এলাকার ৫৭৮ নং প্লটে ১৬(ষোল)টি ফ্ল্যাট নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক খুলনা শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে খুলনার হরিণটানা মৌজায় প্রায় ৮ একর জমিতে স্বল্প আয়ের লোকদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন মহানগরীর সল্টগোলা এলাকায় চউকের উদ্ধারকৃত মালিকানাধীন জায়গায় (প্রায় ৮৩ কাঠা) স্বল্প আয়ের মানুষদের মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা প্রদানের লক্ষ্যে স্ব-অর্থায়নে/পিপিপি প্রকল্প গ্রহণের প্রস্তাবনা বিবেচনাধীন রয়েছে।
এমএইচএইচ/এএইচ