নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
রাজধানীর কামরাঙ্গীরচরে টয়লেটের ভেতর থেকে এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টায় কামরাঙ্গীরচরের লেকপাড় এলাকায় মেটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. ইয়াকুব আলী। তিনি মেটাডোর কোম্পানির একজন শ্রমিক ছিলেন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেক এর সন্তান।
মেটাডোর কোম্পানির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান জানান, রাতে খবর পেয়ে শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুবকে গলাকাটা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইয়াকুবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, রাতে ম্যাটাডোর কোম্পানির এক শ্রমিক গলাকাটা অবস্থায় হোস্টেলের বাথরুমে পড়ে ছিল। এ সময় কোম্পানির লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, হোস্টেলের বাথরুমে রক্তাক্ত ব্লেড পাওয়া গেছে। ওই কর্মচারীর রাত্রীকালীন ডিউটি ছিল। তবে ডিউটি রেখে রাত ১টার দিকে হোস্টেলে আসে। এরপর গোঙানির শব্দ পেয়ে নিরাপত্তাকর্মীরা গিয়ে দেখেন ইয়াকুব আলী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সব মিলিয়ে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আসল ঘটনা বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে।
একেএস/এফএ