নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে গণপরিবহনের নতুন ভাড়া আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারণ করা হবে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।
জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে কয়েক জায়গায় যাত্রী ও শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর ঘটনাও ঘটেছে।
এ অবস্থায় সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকে তা কমবেশি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, পরিবহন খাত এখন তীব্র আর্থিক সংকটের মধ্যে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ বহুগুণ বেড়েছে।
পরিবহন নেতারা পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অকটেন ১২০ থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আজকের বৈঠকে ভাড়া নির্ধারণের পর নতুন দর কার্যকরের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমআই