জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা মনিটরিং করতে যোগ্যতাসম্পন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ‘কনসেপ্ট পেপার’ আহ্বান করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দুটি বিশেষ খাতে অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচিতে অংশ নিতে পারবে:
১. বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ: বৃক্ষরোপণ এবং রোপিত গাছের পরিচর্যায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও।
২. প্রযুক্তিগত তদারকি: বৃক্ষরোপণ কার্যক্রমের ডিজিটাল মনিটরিং নিশ্চিত করতে জিআইএস (GIS), রিমোট সেন্সিং এবং ওয়েব ম্যাপভিত্তিক ড্যাশবোর্ড বা অ্যাপ উন্নয়নে পারদর্শী কারিগরি প্রতিষ্ঠান।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে তাদের কনসেপ্ট পেপার ই-মেইলের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে। ই-মেইল পাঠানোর ঠিকানা: psstateminister@moefcc.gov.bd
সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মূলত মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পটিকে স্বচ্ছ ও টেকসইভাবে বাস্তবায়ন করাই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
বিইউ/এআর