images

জাতীয়

‘আম রফতানি বাড়াতে সমন্বিত পরিকল্পনা নিচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য আমের রফতানি বাড়াতে সমন্বিত ও বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু অবকাঠামো স্থাপন নয়— মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, নিরাপদ পরিবহন, বাজার সংযোগ ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণের সমন্বয়েই টেকসইভাবে আম রফতানি সম্প্রসারণ সম্ভব।

মঙ্গলবার (২১ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আজ জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, আম রফতানি বাড়াতে শুধু ‘হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপনই যথেষ্ট নয়। এর সঙ্গে মান নিয়ন্ত্রণ, গ্রেডিং, পরীক্ষাগার ও সার্টিফিকেশন, নিরাপদ পরিবহন, বাজার সংযোগ, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড পূরণের সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দফতর থেকে অর্থনৈতিকভাবে যৌক্তিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য প্রকল্প প্রস্তাব পাওয়া গেলে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মাননিয়ন্ত্রণ সুবিধা, সংরক্ষণ অবকাঠামো এবং রফতানি-সহায়ক সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

অর্থমন্ত্রী জানান, বিশেষ আর্থিক প্রণোদনা বা বাজেট সহায়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকল্পের বাস্তবতা, সম্ভাব্য রফতানি আয়, কৃষকের ন্যায্যমূল্য, স্থানীয় কর্মসংস্থান, আঞ্চলিক ভ্যালু-চেইন উন্নয়ন এবং সম্পদের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে। তবে সরকার বিষয়টি নীতিগতভাবে ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

সংসদ সদস্য মো. নূরুল ইসলাম সম্পূরক প্রশ্ন করেন, গত ৫৪ বছরে বাংলাদেশে আম ভিত্তিক কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। আমি সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলাম আম ভিত্তিক ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের অর্থ বিভাগ কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। পাশাপাশি ব্যাপক ভিত্তিতে বিদেশে আম রফতানি করে আমাদের দেশের আর্থিক সমৃদ্ধি অর্জনে সরকার বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু আম নয়, ওই অঞ্চলের যে কৃষি ভিত্তিক সফলতা এবং এটার সম্ভাবনা বিবেচনায় আমরা পুরো অঞ্চলের একটি ইকোনমিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি। যেখানে গ্রোথ সেন্টারগুলো থাকবে, যেখানে এগ্রিকালচার সেক্টর ভালো সেখানে আমরা হিমাগার থেকে শুরু করে অবকাঠামোগত যে উন্নয়নগুলো দরকার, যে সুযোগ-সুবিধাগুলো দরকার— সবকিছু বিবেচনায় পুরো অঞ্চলে যে সম্ভাবনা কৃষির ওপর আছে তার সম্ভাবনা যাচাই করে আমাদের আগামী বাজেট এবং বাজেট পরবর্তী যে পরিকল্পনা আছে এগুলো আমরা সামগ্রিকভাবে বিবেচনা করছি।


এমএইচএইচ/এফএ