images

জাতীয়

‘বন্ধ পাটকল চালু হলে অর্থনীতিতে গতি ফিরে আসবে’

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

দেশের বন্ধ থাকা পাটকলগুলো দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব মিল চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং জাতীয় অর্থনীতি আরো গতিশীল হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরবর্তীতে তিনি ঘোড়াশাল উপজেলার বাংলাদেশ জুট মিলস এবং প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্কও পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ মিলগুলো পুনরায় চালুর লক্ষ্যে ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া ও আগ্রহপত্র (ইওআই) আহ্বানের কাজ সম্পন্ন হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে এসব মিল পরিচালনার পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করে শিল্পাঞ্চলগুলো পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে, যা বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ।

তিনি আরো বলেন, নরসিংদীর এসব শিল্পকারখানায় একসময় হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল, যা স্থানীয় মানুষের আবেগের সঙ্গেও জড়িত। মিলগুলো পুনরায় চালু হলে স্থানীয় পর্যায় থেকেই অধিকাংশ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তবে কিছু কারিগরি পদে বাইরের জনবল নিয়োগ দেওয়া হতে পারে। এতে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

Jute

পাটখাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সোনালি আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে পাটবীজের মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (বিজেআরআই) সঙ্গে সমন্বয় করে কাজ চলছে, যাতে দেশীয় বীজ উৎপাদন ও ফলন বাড়িয়ে বিদেশি বীজের সঙ্গে প্রতিযোগিতামূলক করা যায়। পাশাপাশি পাটচাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়েও সরকার কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম ও শাহাদত হোসেন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এএইচ/এফএ