নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২০ এপ্রিল) তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬’ প্রদর্শনী পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এই প্রতিরক্ষা শোভাযাত্রায় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ও নিরাপত্তাসামগ্রী প্রদর্শিত হচ্ছে।
সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এই প্রদর্শনী পরিদর্শন করেন। এর আগে রোববার (১৯ এপ্রিল) তিনি মালয়েশিয়া যান।

প্রদর্শনী পরিদর্শন ছাড়াও আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি ‘৮ম পুত্রজায়া ফোরাম’-এ অংশ নেবেন। ওই ফোরামে আসিয়ান (আসিয়ান) অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছে আইএসপিআর।

এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।
এমআই