images

জাতীয়

জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

জাতীয় ক্যানসার হাসপাতালের এক উপ-পরিচালক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তার নাম ডা. আহমদ হোসেন (৫০)। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গলিতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ক্যানসার হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসাধীন আছেন। 

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছে বনানী থানার একটি সূত্র।

সূত্রটি জানায়, আহমদ হোসেন ক্যানসার হাসপাতাল থেকে তার বর্তমান বাসায় ফিরছিলেন। পথে পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাত দুই থেকে তিন জন ব্যক্তি তার ওপর হামলা করে। এ সময় তারা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে ক্যানসার হাসপাতালে নেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, আহত উপ-পরিচালককে দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশি নম্বর থেকে টেন্ডার সংক্রান্ত হুমকি দিয়ে আসছিল। ডিউটি শেষে বাসায় ফেরার সময় তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছালে দুই যুবক পেছন থেকে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এমআইকে/এফএ