images

জাতীয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা জ্বালানির বৈশ্বিক মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, ‘ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক উত্তেজনাসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলছে, যার প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। এই অঞ্চলের দেশগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার।’

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমানে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্য রফতানি হয়। তবে বর্তমান পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি আমদানি ব্যয়, শিপিং ও বিমা খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে রফতানি কমে যাওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহেও চাপ পড়তে পারে।

সংকট মোকাবিলায় সরকার রফতানি বাজার বহুমুখীকরণে জোর দিচ্ছে বলে জানান মন্ত্রী। ভারত, নেপাল, ভুটানসহ পূর্ব এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোতে রফতানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, হিমায়িত খাদ্য, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশল খাতে রফতানি বাড়ানোর চেষ্টা চলছে।

খাতভিত্তিক রফতানি বৃদ্ধির লক্ষ্যে জাহাজশিল্প ও পাদুকা খাতে কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া রফতানিকারকদের জন্য উৎপত্তি সনদ (রুলস অব অরিজিন) অনলাইনে প্রদান করা হচ্ছে।

বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভারত, ভুটান, নেপাল, কম্বোডিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ কমিটি ও সচিব পর্যায়ের বৈঠক নিয়মিত আয়োজন করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।

মন্ত্রী আরও জানান, নেপালের সঙ্গে প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্টের তিন দফা আলোচনা শেষ হয়েছে এবং পরবর্তী বৈঠকের প্রস্তুতি চলছে। ভুটানের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়াতে সাম্প্রতিক বৈঠকের পর যৌথ কমিটির সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে। শপিংমল, দোকানপাট ও বিভিন্ন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।

টিএই/এমআই