images

সারাদেশ

বগুড়ায় আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটেই বের হন তিনি, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। বাইরে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান।

এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং অনেকেই তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। কেউ ফুল ছিটিয়ে তাকে বরণ করেন, আর চারপাশে শ্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।

প্রায় পাঁচ মিনিটের এই পথ তিনি হেঁটেই অতিক্রম করে বগুড়া জেলা জজ আদালত চত্বরে পৌঁছান। সেখানে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ সকাল সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১২টার দিকে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

প্রতিনিধি/জেবি