নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের সকল কার্যক্রম শেষ হলে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৯ এপ্রিল) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সরকার আইন সংশোধনের কাজ সরকার ইতোমধ্যেই শুরু করেছে। আমরাও কাজ করব। তবে বর্তমানে কমিশন নারী সংরক্ষিত আসনের নির্বাচন প্রক্রিয়া শেষ করার দিকে মনোযোগ দিচ্ছে। এরপর ইসির আইন সংশোধনের পরবর্তী ধাপগুলো নিয়ে চিন্তা করবে।
নারী সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী, দেশের মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮১টি। এর মধ্যে চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি, আর আগামী বছরে উপযোগী হবে ৩৪৯টি।
এছাড়া অন্তর্বর্তী সরকারের ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।
এমএইচএইচ/এএইচ